চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে শীত
চুয়াডাঙ্গায় জেঁকে বসতে শুরু করেছে শীত। সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত শীত অনুভূত হচ্ছে। চারদিকে থাকছে হালকা কুয়াশা। সকাল সাতটার পর থেকে সূর্যের দেখা মিললেও বয়ে চলেছে হিমশীতল বাতাস। ফলে সীমান্তবর্তী এ জেলায় জানান দিতে শুরু করেছে শীত চলে এসেছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। একই তাপমাত্রা সকাল ৯টাতেও রেকর্ড করা হয়েছে। এই দুটি সময়ে বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। এটি চলতি মৌসুমের জেলার সর্বনিম্ন তাপমাত্রা বলে নিশ্চিত করেছেন পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান।
গতকাল সকালের দিকে চুয়াডাঙ্গা শহর ঘুরে দেখা গেছে, সকালের দিকে শহরের মানুষের আনাগোনা কমতে শুরু করেছে। প্রয়োজন ছাড়া কেউ সকালে ঘরের বাইরে বের হচ্ছে না। গ্রাম থেকে কাজের সন্ধানে শহরে শীত উপেক্ষা করে আসছে শ্রমিকরা। সকালের দিকে হালকা কুয়াশার চাদরে মোড়ানো থাকছে গোটা শহরটি। তবে শীতের এই মৌসুমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। ভোরের ঠান্ডা বাতাস উপেক্ষা করে জীবিকার তাগিদে রিকশা, ভ্যান নিয়ে সড়কে বের হয়েছেন তাঁরা। শীতের কারণে যাত্রী কমে যাওয়ায় কমেছে আয়ও। এছাড়া সড়কের পাশে ফুটপাতে বসতে শুরু করেছে নতুন-পুরোনো গরম পোশাকের দোকান।
জেলা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, চুয়াডাঙ্গায় নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ। সকাল-সন্ধ্যায় শীত অনুভূত হচ্ছে। তাপমাত্রা কমে যাওয়ার পাশাপাশি কুয়াশা ও হিমেল বাতাসের কারণে শীত বাড়তে শুরু করেছে। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে থাকবে।