দৈনিক আকাশ খবর

২৭ নভেম্বর ২০২৬ · ১ম পাতা

চুয়াডাঙ্গায় পরীক্ষার হলে শিক্ষার্থীর মৃত্যু

চুয়াডাঙ্গায় পরীক্ষার হলে শিক্ষার্থীর মৃত্যু

চুয়াডাঙ্গায় অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ হয়ে বিপ্লব হোসেন সাগর (২০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র বিতরণের আগেই বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত বিপ্লব হোসেন সাগর জীবননগর উপজেলার সুভলপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৫ শিক্ষাবর্ষের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

কলেজ সূত্রে জানা গেছে, দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে পরীক্ষার হলে প্রবেশ করেন সাগর। উত্তরপত্রে রোল নম্বর লেখার পর প্রশ্নপত্র বিতরণের আগেই বুকে হাত দিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় কলেজের একটি ভ্যানে একজনকে সঙ্গে দিয়ে তাঁকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। পাশাপাশি উত্তরপত্রে দেওয়া অভিভাবকের ফোন নম্বরে যোগাযোগ করেন শিক্ষকরা।

চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজের শিক্ষক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন জানান, পরীক্ষা শুরুর প্রায় ১০ মিনিট আগে হলে প্রবেশ করেছিলেন সাগর। উত্তরপত্রে রোল নম্বর লেখার পরই তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর দ্রুত তাঁকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।

চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক রকিবুল ইসলাম শাহীন বলেন, শিক্ষার্থী অসুস্থ হওয়ার খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে যান। সাগরকে হাসপাতালে নেওয়া হলেও তাঁকে বাঁচানো যায়নি।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. ইসরাত জেরিন জেসি পরীক্ষা-নিরীক্ষা শেষে সাগরকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের প্রাথমিক ধারণা, হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।

← ছাপা পাতায় দেখুন

এই সংখ্যার আরও খবর