দুদকের জালে চুয়াডাঙ্গা টিটিসির অধ্যক্ষ
চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) প্রশিক্ষণ উপকরণ কেনাকাটায় অস্বাভাবিক মূল্য দেখিয়ে সরকারি অর্থ ব্যয়ের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে বিভিন্ন নথিপত্র সংগ্রহ ও যাচাই করেছে দুদকের চার সদস্যের একটি দল। এ সময় প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মুছাব্বেরুজ্জামান ও মালামাল সরবরাহকারীদের সঙ্গে কথা বলেন অভিযানকারী কর্মকর্তারা।
গণমাধ্যমের অনুসন্ধানে টিটিসির কেনাকাটার বিল-ভাউচারে এক পিস ইটের দাম ২৭ টাকা, এক ব্যাগ সিমেন্ট ১ হাজার ১৮০ টাকা, একটি সাধারণ বৈদ্যুতিক সুইচ ৭২ টাকা এবং এক লিটার মবিলের দাম ১ হাজার টাকা দেখানোর তথ্য উঠে আসে। বাজারদরের সঙ্গে এসব পণ্যের ক্রয়মূল্যের বড় ধরনের পার্থক্য পাওয়া যায়। প্রতি তিন মাস অন্তর প্রশিক্ষণ উপকরণ কেনার নামে সরকারি অর্থ ব্যয়ের হিসাবেও মিলেছে নানা অসংগতি।
বিল-ভাউচার পর্যালোচনায় দেখা যায়, ২০২৪ সালের ৪ নভেম্বর একই দিনে ‘স্থপতি নির্মাতা ট্রেডার্স’ ও ‘জোনাকী কন্সট্রাকশন’ নামে দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে প্রায় একই ধরনের ৩৫টি করে পণ্য কেনার হিসাব দেখানো হয়েছে। প্রতিটি প্রতিষ্ঠানকে ৪ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা করে বিল দেওয়ার তথ্য রয়েছে। একই দিনে ‘মেসার্স এ নেওয়াজ ট্রেডার্স’ থেকে ১৪ ধরনের অফিস সরঞ্জাম কেনার বিপরীতে দেখানো হয়েছে আরও ২ লাখ ২৫ হাজার টাকা।
শুধু কেনাকাটার পরিমাণ নয়, পণ্যের দাম নিয়েও উঠেছে প্রশ্ন। প্রতিটি ডিজিটাল মাল্টিমিটারের দাম ধরা হয়েছে ৩ হাজার ২৫০ টাকা, নিরাপত্তা চশমা ২৬০ টাকা, এক জোড়া ওয়ানটাইম হ্যান্ড গ্লাভস ৮৫ টাকা এবং এ-ফোর কাগজের এক রিমের দাম ৯১০ টাকা। বাজার যাচাইয়ে এসব পণ্যের কয়েকটির দামেও অসংগতি পাওয়া যায়।
যে প্রতিষ্ঠান থেকে ইট কেনার কথা বলা হয়েছে, সেই হিমালয় অটো ব্রিকসে খোঁজ নিয়ে জানা যায়, ২০২৪ সালের নভেম্বর মাসে তাদের এক গাড়ি ইটের দাম ছিল ২২ হাজার টাকা। সে হিসাবে প্রতি পিস ইটের দাম পড়ে প্রায় ১১ টাকা। অন্যদিকে, বৈদ্যুতিক সরঞ্জাম বিক্রেতাদের ভাষ্য অনুযায়ী, ভালো মানের একটি ওয়ান-ওয়ে সুইচের দাম প্রায় ৩৫ টাকা। অথচ টিটিসির নথিতে এর দাম দেখানো হয়েছে ৭২ টাকা।
অনুসন্ধানের সময় যেসব প্রতিষ্ঠানের নামে বিল-ভাউচার তৈরি করা হয়েছে, তাদের প্রতিনিধিদের সঙ্গেও কথা বলা হয়। স্থপতি নির্মাতা ট্রেডার্সের ঠিকাদার ওয়ালিউর রশিদ ও এ নেওয়াজ ট্রেডার্সের ঠিকাদার আলী আসলাম জোয়ার্দ্দার নিজেদের প্রতিষ্ঠানের নামে থাকা বিল-ভাউচার দেখে বিস্ময় প্রকাশ করেন। কেনাকাটার হিসাব নিয়ে প্রশ্নেরও সন্তোষজনক জবাব দিতে পারেননি তারা।
এ ছাড়া প্রশিক্ষণার্থীদের অভিযোগ, ড্রাইভিং প্রশিক্ষণের জন্য বরাদ্দ করা জ্বালানি ও অন্যান্য উপকরণের যথাযথ ব্যবহার নিয়েও প্রশ্ন রয়েছে। প্রতি কোর্সে ২৫ লিটার পেট্রোল ও ৩০ লিটার ডিজেল বরাদ্দ থাকলেও প্রশিক্ষণে পর্যাপ্ত গাড়ি চালানোর সুযোগ দেওয়া হয় না বলে জানান এক প্রশিক্ষণার্থী। অন্য এক প্রশিক্ষণার্থীর অভিযোগ, প্রতি তিন মাস পর ইট কেনার হিসাব দেখানো হলেও বাস্তবে আগের ইট দিয়েই কাজ চালানো হয়।
এসব অভিযোগের বিষয়ে টিটিসির অধ্যক্ষ মুছাব্বেরুজ্জামান দাবি করেছিলেন, সর্বনিম্ন দরদাতাদের কাছ থেকেই মালামাল কেনা হয়েছে। উপকরণ বুঝে নেওয়ার জন্য নির্দিষ্ট কমিটি ছিল এবং তারাই মালামাল বুঝে নিয়েছে। নিয়মিত নিরীক্ষা হওয়ায় অনিয়মের সুযোগ নেই বলেও দাবি করেন তিনি।
এদিকে গতকালের অভিযানকারী দলের নেতৃত্ব দেন দুদকের ঝিনাইদহ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক খালিদ মাহমুদ। তিনি জানান, এটি রেকর্ডনির্ভর অভিযান। আপাতত বিভিন্ন রেকর্ড ও নথিপত্র সংগ্রহ করা হচ্ছে। সব তথ্য-উপাত্ত সংগ্রহ ও পর্যালোচনা শেষে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।