চুয়াডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দিনব্যাপী সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে এই প্রাণিসম্পদ সপ্তাহ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রান্তিক খামারিদের গবাদিপশু ও হাঁস-মুরগির জন্য ফ্রি চিকিৎসা ও ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত হয়।
প্রাণিসম্পদ সপ্তাহ প্রদর্শনী অনুষ্ঠানে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর কারিগরি সহযোগিতায় এবং এগ্রো-মাইক্রোএন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ইউনিট প্রকল্পের আওতায় অংশগ্রহণ করে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশন। অংশগ্রহণকারী সদস্যদের উদ্যোগে উন্নত জাতের গবাদিপশু ও পোল্ট্রি ক্যাটাগরির অধীনে দুম্বা ও দেশি হাঁস-মুরগি প্রদর্শন করা হয়। প্রদর্শনীর অন্যতম বিশেষ আকর্ষণ হিসেবে ছিল বিদেশি জাতের দুম্বা, দেশি প্রজাতির হাঁস-মুরগি এবং পরিবেশবান্ধব সমন্বিত খামার ব্যবস্থাপনার মডেল ‘খামারের বর্জ্য যখন সম্পদ: পরিবেশবান্ধব খামার চক্র’। স্টলে রাখা দুম্বা, দেশি প্রজাতির হাঁস-মুরগি এবং বর্জ্য ব্যবস্থাপনার এই আধুনিক মডেলটি দেখতে অতিথি এবং দর্শনার্থীদের মধ্যে ব্যাপক কৌতূহল ও ভিড় লক্ষ্য করা গেছে।
মডেলটিতে তিনটি ধাপে একটি পূর্ণাঙ্গ পরিবেশবান্ধব খামার চক্র তুলে ধরা হয়েছে। প্রথম ধাপে খামারের বর্জ্য হিসেবে গবাদিপশু ও হাঁস-মুরগির গোবর, বিষ্ঠা ও মূত্র সংগ্রহ করা হয়। দ্বিতীয় ধাপে এই বর্জ্য কাজে লাগিয়ে তিনটি পৃথক প্রক্রিয়ায়—বায়োগ্যাস প্ল্যান্টের মাধ্যমে জ্বালানি ও বিদ্যুৎ, কম্পোস্ট পিটে কেঁচো সার (ভার্মিকম্পোস্ট) এবং উচ্চ প্রোটিনসমৃদ্ধ পশু-পাখি ও মাছের খাদ্য হিসেবে বিএসএফ (ব্ল্যাক সোলজার ফ্লাই) লার্ভা উৎপাদন করা হয়। তৃতীয় ও চূড়ান্ত ধাপে এই উৎপাদিত জৈব সার ও লার্ভা কৃষিজমি, ঘাস চাষ এবং মাছের পুকুরে ব্যবহৃত হয়। যেখান থেকে উৎপাদিত ফসল ও ঘাস পুনরায় খামারের প্রাণীদের খাদ্য হিসেবে ফিরে আসে। পাশাপাশি খামারিদের জন্য আধুনিক অটো-ড্রিঙ্কার, ভার্মিকম্পোস্ট এবং সাইলেজ (পশুখাদ্য) প্রদর্শন করা হয়।
আয়োজকরা জানান, দেশি প্রজাতির প্রাণিসম্পদ সংরক্ষণ, প্রান্তিক খামারিদের আধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দেওয়া, বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী করে গড়ে তোলাই দিনব্যাপী এই প্রদর্শনীর মূল লক্ষ্য।
এ সময় স্টল পরিদর্শন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল, স্থানীয় সরকারের উপপরিচালক শারমিন আক্তার, সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা পুলিশ সুপার কানিজ ফাতেমা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাহাবুদ্দিন প্রমুখ।