সয়াবিন তেলের দাম ৩ টাকা বাড়ল
আসন্ন রমজানের আগেই দেশের বাজারে সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৩ টাকা বাড়িয়েছে সরকার। আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি, আমদানি খরচ বেড়ে যাওয়া এবং দেশের সার্বিক সরবরাহ পরিস্থিতির কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পাম অয়েলের দাম আগের মতোই অপরিবর্তিত রাখা হয়েছে।
নতুন দর অনুযায়ী, এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা থেকে বাড়িয়ে ২০৭ টাকা নির্ধারণ করা হয়েছে। আর খোলা সয়াবিন তেল আগের ১৮৫ টাকার পরিবর্তে এখন ১৮৮ টাকায় বিক্রি হবে। এ ছাড়া পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ১৫ টাকা করা হয়েছে। অন্যদিকে খোলা পাম অয়েল আগের মতোই লিটারপ্রতি ১৬৬ টাকায় বিক্রি হবে।
বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দেশের সার্বিক ভোজ্যতেল সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সভায় সভাপতিত্ব করেন।
সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন দেশের বর্তমান ভোজ্যতেলের মজুত, দেশি ও আন্তর্জাতিক বাজারদর, ঋণপত্র (এলসি) খোলা এবং সার্বিক আমদানি পরিস্থিতির ওপর একটি প্রতিবেদন তুলে ধরে। প্রতিবেদনটি পর্যালোচনা এবং বাজারের গতিপ্রকৃতি বিশ্লেষণ শেষে উপস্থিত সবাই সয়াবিন তেলের দাম সমন্বয়ের বিষয়ে একমত হন।
এ সময় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা জানান, সর্বশেষ গত ২ সেপ্টেম্বর তেলের দাম সমন্বয় করা হয়েছিল। এরপর বিশ্ববাজারে সয়াবিন ও পাম অয়েলের দাম বাড়লেও দেশের বাজারে দাম বাড়ানো হয়নি। এতে স্বাভাবিক আমদানি ও সরবরাহ ধরে রাখা কঠিন হয়ে পড়ছিল।
আসন্ন রমজান মাসে সারা দেশে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত ও সরবরাহ স্বাভাবিক রাখতে আন্তর্জাতিক বাজার ও বর্তমান আমদানি খরচের সঙ্গে মিল রেখে দাম সমন্বয়ের দাবি জানান ব্যবসায়ীরা।
বাজারে ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সভায় ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধ মজুতদারি এবং সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নাসির উদ্দৌলা, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালনকারী অতিরিক্ত সচিব খাদিজা নাজনীনসহ সংশ্লিষ্ট সরকারি সংস্থা ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।