চুয়াডাঙ্গায় বিভাগীয় কমিশনারের উন্নয়ন প্রকল্প পরিদর্শন
চুয়াডাঙ্গায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও সরকারি দপ্তরের কার্যক্রম পরিদর্শন করেছেন খুলনার বিভাগীয় কমিশনার আবদুল্লাহ হারুন। গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পরিদর্শনকালে তিনি উন্নয়নকাজের অগ্রগতি, সরকারি সেবার মান এবং প্রকল্প বাস্তবায়নের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।
বিভাগীয় কমিশনার চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়, পৌর ভূমি অফিস ও আলোকদিয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। এ ছাড়া তিনি চিৎলা ইউনিয়নের কুলপালা গ্রামের উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন স্থাপনা ও চলমান উন্নয়ন কার্যক্রম ঘুরে দেখেন।
পরিদর্শনকালে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আলমগীর কবীর, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শারমিন আক্তারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।