চুয়াডাঙ্গায় এক দিনে দুই প্রাণহানি, কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ
চুয়াডাঙ্গায় পৃথক ঘটনায় দুজনের প্রাণহানি হয়েছে। সদর উপজেলার গহেরপুর গ্রামে মাছের ঘেরের পাহারাদার বদর উদ্দিনকে (৫৩) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৫ নভেম্বর) ভোরে তাঁর মরদেহ পাওয়া যায়। একই দিন রাতে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান মারধরে আহত আব্দুল খালেক (৫৫)। তাঁকে মারধরের ঘটনায় সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
নিহত বদর উদ্দিন সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের গহেরপুর গ্রামের মাঝেরপাড়ার মৃত সামছদ্দিন মন্ডলের ছেলে। অপর ঘটনায় নিহত আব্দুল খালেক জীবননগর উপজেলার বাঁকা পূর্বপাড়ার আজের বক্সের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে গহেরপুর গ্রামের কামড়িয়ার বিলসংলগ্ন মুক্তার মেম্বারের পুকুর ও মাছের ঘেরের অদূরে নিজের জমিতে বদর উদ্দিনকে হত্যা করা হয়। বিলের পাশে একটি ছোট অস্থায়ী কুঁড়েঘর ছিল। সেখানে তিনি প্রায়ই যাতায়াত করতেন এবং মাছের ঘের পাহারা দিতেন।
রাতে কোনো একসময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে বদর উদ্দিনকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। বুধবার ভোরে তাঁর ছেলে সুমন প্রথম বাবাকে পানির মধ্যে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দেন। স্থানীয়দের ভাষ্য, বদর উদ্দিনের মাথায় ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন ছিল।
খবর পেয়ে দর্শনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
চুয়াডাঙ্গার দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
অন্যদিকে, স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা ৬টা থেকে পৌনে ৮টার মধ্যে আব্দুল খালেক ব্যক্তিগত প্রয়োজনে বাঁকা গ্রাম থেকে পার্শ্ববর্তী মিনাজপুরে যাচ্ছিলেন। পথে বাঁকা ইলাপাড়া এলাকায় তাঁকে একা পেয়ে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় তাঁর সাবেক স্ত্রী পাপিয়া খাতুন ও দুই শ্যালকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
মারধরে আব্দুল খালেকের শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। পরে ওসমান গনি (৪৫), ইসমাইল হোসেন (৪০) ও সাবেক স্ত্রী পাপিয়া খাতুন (৪০) তাঁকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, তাঁকে হাসপাতালে রেখে সঙ্গে আসা ব্যক্তিরা চলে যান।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, প্রায় দুই বছর আগে আব্দুল খালেক ও পাপিয়া খাতুনের বিবাহবিচ্ছেদ হয়। তাঁদের মধ্যে পারিবারিক বিরোধ ছিল। এর আগেও আব্দুল খালেককে মারধর করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। তবে বুধবারের ঘটনার সঙ্গে কার কী ভূমিকা ছিল, তা তদন্তে নিশ্চিত হওয়া প্রয়োজন।
চুয়াডাঙ্গার জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুলাইমান সেখ জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ থানা হেফাজতে নেওয়া হয়েছে। সাবেক স্ত্রীর পরিবারের সঙ্গে পূর্ববিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
