দৈনিক আকাশ খবর

২৬ নভেম্বর ২০২৬ · ১ম পাতা

আলমডাঙ্গায় সেতুর কাজ শেষ না হওয়ায় দুর্ভোগে ২০ গ্রামের মানুষ

আলমডাঙ্গায় সেতুর কাজ শেষ না হওয়ায় দুর্ভোগে ২০ গ্রামের মানুষ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বড়পুটিমারি গ্রামে প্রায় তিন কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতুর কাজ আড়াই বছরেও শেষ হয়নি। এতে আশপাশের ২০ গ্রামের প্রায় ২২ হাজার মানুষ যাতায়াতে দুর্ভোগ পোহাচ্ছেন। কৃষিপণ্য পরিবহন, শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত ও রোগী আনা-নেওয়ায় আট থেকে ১০ কিলোমিটার বাড়তি পথ ঘুরতে হচ্ছে স্থানীয়দের। তবে উপজেলা প্রকৌশল বিভাগ জানিয়েছে, সেতুর কাজ প্রায় ৫০ শতাংশ শেষ হয়েছে। বাকি কাজ খুব দ্রুত শেষ করার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উইকেয়ার প্রকল্পের আওতায় বড়পুটিমারি গ্রামে ৩০ মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতুটি নির্মাণ করা হচ্ছে। প্রায় তিন কোটি ২৩ লাখ টাকা ব্যয়ের এই প্রকল্পের কাজ করছে যশোরের মইনুদ্দিন বাঁশি নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০২৪ সালের এপ্রিলে শুরু হওয়া নির্মাণকাজ ২০২৬ সালের এপ্রিলে শেষ হওয়ার কথা ছিল। পরে ছয় মাস সময় বাড়ানো হলেও সেই সময়ের মধ্যেও কাজ শেষ হয়নি।

স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজ শুরুর পর কিছুদিন মাঝেমধ্যে দীর্ঘ সময় বন্ধ রাখা হয়েছিল। এতে সেতুটি চালুর অপেক্ষা দীর্ঘ হয়েছে। পুরোনো সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং নতুন সেতুর কাজ শেষ না হওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কৃষক, শিক্ষার্থী ও রোগীরা।

এলাকাবাসী জানান, এই পথে একসময় ছোট-বড় যানবাহনে আশপাশের গ্রামের মানুষ চলাচল করতেন। এখন চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গায় যেতে বিকল্প পথে ঘুরতে হচ্ছে। এতে সময় বেশি লাগার পাশাপাশি পরিবহন খরচও বাড়ছে। জরুরি প্রয়োজনে কেউ কেউ ঝুঁকি নিয়ে পুরোনো ক্ষতিগ্রস্ত সেতু দিয়েই পারাপার হচ্ছেন।

স্থানীয়দের দাবি, নির্মাণকাজের গতি ধরে রেখে দ্রুত সেতুটি চলাচলের উপযোগী করতে হবে। এটি চালু হলে কৃষিপণ্য বাজারে নেওয়া, শিক্ষার্থীদের যাতায়াত এবং জরুরি চিকিৎসাসেবা পেতে ভোগান্তি কমবে।

আলমডাঙ্গা উপজেলা প্রকৌশলী মেজবাহুর রহমান জানান, সেতুর নির্মাণকাজ প্রায় ৫০ শতাংশ শেষ হয়েছে। বাকি কাজ সম্পন্ন করতে নিয়মিত তদারকি করা হচ্ছে। বর্তমানে কাজ দ্রুত এগোচ্ছে। খুব দ্রুত অবশিষ্ট নির্মাণকাজ শেষ করার আশ্বাস দেন তিনি।

← ছাপা পাতায় দেখুন

এই সংখ্যার আরও খবর